বাগেরহাটে পৌরসভার প্যানেল মেয়র ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনা হাসিবুল হাসান শিপনকে আটকের প্রতিবাদে ১১টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর থেকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত শ্রমিকরা মিছিল নিয়ে বাগেরহাট সদর থানা ঘেরাও করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। এদিকে ভোর থেকে দফায় দফায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
সকাল থেকে বাগেরহাট জেলার অভ্যন্তরীণ সকল রুটসহ আঞ্চলিক মহাসড়কের ১১ টি রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। একই সাথে জেলা শহরের মোড়ে মোড়ে টায়ারে আগুন দিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এদিকে থমথমে পরিস্থিতির কারণে শহরের দোকান ও অনেক বেসরকারি অফিস বন্ধ রয়েছে। শহরের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান অনির্ধারিতভাবে বন্ধ রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, সোমবার রাতে নিউ বসুন্ধরা নামে একটি রিয়েল স্টেট কোম্পানির জাফর নামের এক নির্বাহী কর্মকর্তার দায়েরকৃত ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় শিপন মিনাসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- আট পৌর কাউন্সিলন মিনা হাসিবুল হাসান শিপন, বাগেরহাট পৌরসভার পেনেল মেয়র, পৌর যুবলীগের সভাপতি ও বাগেরহাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পরে মামলার সূত্র ধরে সোমবার রাতে পুলিশ প্যানেল মেয়র হাসিবুল হাসান শিপন মিনা, সিদ্দিক ও মহিমকে আটক করে।
এ ব্যাপারে বাগেরহাট সদর মড়েল থানার ওসি আলী আজম খান জানান, একটি চাঁদাবাজির মামলায় শ্রমিক নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে থানা ঘেরাও করতে এলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। 
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]