ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা নামক স্থানে চট্টগ্রামগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে প্রচন্ড গরমে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তবে দুপুরের পর যানজট কিছুটা কমে এসেছে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা নামক স্থানে চট্টগ্রামগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কের দাউদকান্দির কানড়া এলাকা থেকে চান্দিনা উপজেলার হাড়িখোলা পর্যন্ত ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনার আধা ঘণ্টার মধ্যে কাভার্ড ভ্যান ও ট্রাকটি সরিয়ে নেয়া হলেও এলোপাতাড়ি যানবাহন চালানোর কারণে যানজট কমেনি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে প্রচন্ড গরমে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
দাউদকান্দি ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট  মো. হাসান জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]