আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও ওই সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নতুন করে কোন ভোটকেন্দ্র বাড়ানো হবেনা। ভোটার তালিকায়ও কোনো রকম হেরফের হবেনা।
উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ তফসিল দেবেন বলেও জানান তিনি।
প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে মার্চের মাঝামাঝি সময়ে। এছাড়া মার্চের তৃতীয় সপ্তাহে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে সূত্র জানায়।
আগামী বৃহস্পতিবার উপজেলা নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক করার কথা রয়েছে।