আসন্ন বাজেটে কৃষি খাত ও এর সঙ্গে জড়িত অন্যান্য খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য সরকারের কাছে ৫৬ দফা সুপারিশ করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সোমবার তার সুপারিশমালা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করা হয়।
শাইখ সিরাজ কৃষিখাতের জন্য ২০ দফা, পোল্ট্রি শিল্পের জন্য ১২ দফা, মৎস্য খাতের জন্য ১৩ দফা এবং প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ১১ দফা সুপারিশ করেছেন।
শাইখ সিরাজ মোট ৫ জেলার ২২ হাজার কৃষকের মধ্যে কৃষিক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রাপ্ত সুফলের বিষয়ে প্রকাশ্য একটি জরিপের ফলাফল অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন।
জরিপ অনুযায়ী ওই ৫টি জেলায় সরকারি ঋণ সহযোগিতা পাচ্ছেন মাত্র ৫ দশমিক ৬ শতাংশ কৃষক। এ ছাড়া এনজিও ঋণ সুবিধা পাচ্ছেন ৭৬ শতাংশ, সরকারি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন ১৬ শতাংশ, ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলেছেন ১৩ শতাংশ, স্থানীয় খাল খনন করার দাবি জানিয়েছেন ৭৫ শতাংশ, বিএডিসি’র বীজ ব্যবহার করে প্রতারিত হয়েছেন ১১ শতাংশ, বেসরকারি কোম্পানির বীজ ব্যবহার করে প্রতারিত হয়েছেন ৩৫ শতাংশ, ইউনিয়ন তথ্য কেন্দ্র সম্পর্কে জানেন ৭৩ শতাংশ, মোবাইল ব্যবহার করেন ৯১ শতাংশ, ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে সেবা নেন ২ শতাংশ কৃষক। কৃষি বাজেটের পৃথকভাবে ঘোষণা চান ঈশ্বরদীর ৬০ শতাংশ কৃষক। ইউনিয়ন পর্যায়ে সারের ডিলারশিপ চান ৮০ শতাংশ, উপজেলা পর্যায়ে হিমাগার চান ৯০ শতাংশ কৃষক।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে এই নিয়ে দশমবারের মত বাজেটে দেশের কৃষি ও কৃষকের জন্য করণীয় শীর্ষক সুপারিশমালা প্রদান করেন শাইখ সিরাজ।

ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই