আন্তর্জাতিকভাবে আলোচিত চাঞ্চল্যকর শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে ৫টি আন্তর্জাতিক সংগঠন।
বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে ৫টি সংগঠনের পক্ষ থেকে মোট ৩টি  চিঠি পাঠানো হয়। এর মধ্যে ৩টি সংগঠন যৌথভাবে একটি চিঠি পাঠায়।
সংগঠনগুলো হলো ইন্ডাস্ট্রি অল গ্লোবাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি), ইউনি গ্লোবাল ইউনিয়ন, ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি), ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম (আইএলআরএফ)।
আমিনুল ইসলাম হত্যাকাণ্ড দেশে বিদেশে একটি আলোচিত হত্যাকাণ্ড। অভিযোগ রয়েছে, এ মামলার অভিযোগপত্রে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়নি। এছাড়া এ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত বলেও অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে।
আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে যেসব ব্যক্তি, সংবাদ-মাধ্যম ও সংগঠন রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অন্যতম।
উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) এর সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম ২০১২ সালের ৪ এপ্রিল বাইপাইল থেকে নিখোঁজ হন। ৬ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ থেকে উদ্ধার করে। পরদিন পত্রিকায় ছাপা হওয়া লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা আমিনুলকে সনাক্ত করেন।
[b]ঢাকা, ৪এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]