[b]ঢাকা[/b]: জামায়াতের সঙ্গ ছেড়ে সরকারকে সহযোগিতা করলে বিএনপিকে সহযোগিতা করবে সরকার।
এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নাসিম বলেন, গত সরকারের সময় আমাদের কিছু ভুল-ত্রুটি ছিল। এ সরকারের (দশম সংসদে নির্বাচিত) আমলে আর কোন ভুল করা যাবেনা। তাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না।
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের  নৈরাজ্য ও খালেদা জিয়ার অসহযোগীতার কারণে সবার প্রত্যাশা অনুযায়ী অংশীদারিত্বমূলক নির্বাচন করতে পারিনি।
সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে নাসিম বলেন, সংখ্যালঘুদের উপর হামলা পূর্ব পরিকল্পিত। এর সঙ্গে শুধু বিএনপি-জামায়াত জড়িত নয়, অন্যরাও জড়িত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির কোন নেতাকেই ছাড় দেওয়া যাবেনা। বর্তমানে দেশের সকল নৈরাজ্যের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের ছাড় দিলে জনগণ আমাদের ক্ষমা করবেনা।
এসময় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজনাধীতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।
মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।