লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (আব.) অলি আহমদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের মানুষের প্রতি দয়া করুন। প্রহসনের নির্বাচন বন্ধ করুন। আলাপ-আলোচনার মাধ্যমে নতুনভাবে দশম জাতীয় সংসদ নির্বাচনের পদক্ষেপ নিন।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। সারা দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করে কর্নেল অলি বলেন, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে সারা দেশ। ব্যবসা-বাণিজ্য বন্ধ। উৎপাদন ব্যাহত হচ্ছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ। চলছে রাজনৈতিক বাণিজ্য।
দেশে এক ধরনের অঘোষিত জরুরি অবস্থা চলছে দাবি করে এলডিপির প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে কখনো এই ধরনের অবস্থা দেখা যায়নি। বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কর্নেল অলি।
অলি আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্যাডাররা সারা দেশে আইনজীবী, সাংবাদিক, পেশাজীবীসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ চালাচ্ছে।





