নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলশিক্ষার্থী আরাফাত রহমান সিয়াম আহমেদ হত্যা মামলার আসামি ফারুক মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ১৭ জানুয়ারি সিয়াম হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত ১৬ ডিসেম্বর একই এলাকা থেকে গ্রেফতার করা হয় ফারুক মন্ডলের স্ত্রী মেরিনা মন্ডল।
১৭ জানুয়ারি গ্রেফতারের পর জামিনে মুক্তি পান ফারুক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায়ই ফের তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে, এখনো পলাতক রয়েছেন হত্যা মামলার প্রধান আসামি মেহেদী মন্ডল।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, ফারুক মন্ডল ফতুল্লা মডেল থানা পুলিশের তালিকাভুক্ত ৩০নং সন্ত্রাসী। তার বিরুদ্ধে দু’টি হত্যাসহ অনেকগুলো মামলা আছে।
সিয়াম মাসদাইর এলাকার মোস্তফা মাতব্বরের ছেলে। সে মাসদাইরে আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত বছরের ২৪ নভেম্বর মুন্সিগঞ্জের শান্তিনগর এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিয়ামের বাবা স্টকলট ব্যবসায়ী মোস্তফা বেপারী ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই