কাফরুলের সেনপাড়ার ১৬৯/৪ নম্বর বাড়িতে থাকেন জাতীয় পার্টির সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা। শনিবার রাত ৯টায় দুই যুবক ফোন করে জানায়-বাড়ির সামনে মিষ্টির প্যাকেট রাখা আছে, দ্রুত নিয়ে যান।
১০-১৫ মিনিটের মধ্যে গেইটে আসেন গোলাম রেজা। প্যাকেটের ওপরে হাতে লেখা একটি চিরকুট রয়েছে।
চিরকুটে উল্লেখ করা হয়,‘আপনি একজন স্বনামধন্য ব্যক্তি,আমাদের চলার জন্য আপনি ৫০ লাখ টাকা দিবেন। আর যদি না দেন বা পুলিশকে জানান তাহলে পরিণতি খুব খারাপ হবে। আপনার জন্য উপহার পাঠালাম। বাকিটা পরে।’
সাবেক এই সংসদ সদস্য বিষয়টি তাৎক্ষণিক কাফরুল থানায় জানান।
পুলিশ এসে প্যাকেটটি খুলে দেখতে পায় তার ভেতরে একটি বোমা ও কাফনের কাপড় রয়েছে।
রাতেই এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করেন তিনি। যার নম্বর ৭৪৭।
গোলাম রেজা জানান,চিরকুটে দাবি করা হয়েছে তারা সন্ত্রাসী সহর আলীর লোক। তারা চার ভাই দীর্ঘদিন জেল খেটে এসেছে। তাদের কেউ সাহায্য করেনি।
কাফরুল থানার এসআই প্রেমাদাস রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান,রাত থেকেই বিষয়টি নিয়ে অনুসন্ধ্যান চলছে। যে মোবাইল ফোন নম্বর দিয়ে চাঁদা চাওয়া হয়েছে সেই নম্বর দুটির বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]