নাচোলের স্কুল ছাত্রী মানসুরা অপহরণের দুইমাস পেড়িয়েছে। এঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছে। তবে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে বাদীপক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অপহৃত স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় বাদীপক্ষকে মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এতে বাদীর পরিবার শঙ্কার মধ্যে দিন পার করছে বলে অভিযোগ অপহৃতের স্বজনদের।
অপহৃত মানসুরা বেগম (১৩) নাচোলের নেজামপুর রেলস্টেশন পাড়ার ইউসুফ আলীর মেয়ে ও স্থানীয় বিনোদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী।
গত বছরের ৩০ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে মানসুরা বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের ছুটি শেষে সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। দু'মাসেও তার কোনো খোঁজ মেলে নি।
এ ঘটনায় মানসুরার মা মোসা. হামন বেগম গত ৬ ডিসেম্বর নাচোল থানায় জগদইল গ্রামের মোন্তাজ আলীর ছেলে টিপু সুলতানসহ চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।
অপহরণের দুইমাস পার হলেও মানসুরাকে উদ্ধার ও আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাদী পক্ষের দাবি, আসামি ফারুক ও মুক্তা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান টাইম নিউজকে জানান, আসামি গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। কিন্তু আসামিরা ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সানাউল্লাহ জানান, অপহরণ মামলার মূল আসামির মোবাইল নম্বর পাওয়া গেছে কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় তার স্থান চিহ্নিত করা যাচ্ছে না।
এদিকে, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। এতে বাদীর পরিবার শঙ্কিত বলেও জানান তিনি।
ঢাকা, জেইউ, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসআর





