[b]নারায়ণগঞ্জ:[/b] শহরে পুলিশ বক্স ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা মেরেছে শিবির কর্মীরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টায় ইসলামী ছাত্র শিবিরের ২৫-৩০জন নেতাকর্মীরা শহরের ২নং রেল গেট এলাকায় মিছিল বের করে। এ সময় তারা ২নং রেল গেট এলাকাতে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন পুলিশ বক্স তালা বদ্ধ ছিল।
এর পাশেই জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়েও পেট্রোল বোমা মারে ছুড়ে হরতাল সমর্থকরা। কার্যালয়টি বন্ধ থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের সামনের অংশে থাকা ৪-৫টি চেয়ার পুড়ে যায়।
শিবিরের এ ঘটনায় শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল ও দোকান পাট।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, শিবিরের লোকজন মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয় ও পুলিশ বক্সে হামলা চালায়। তবে আওয়ামী লীগ কার্যালয় বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শিবিরের লোকজন ঝটিকা মিছিল বের করে পেট্রোল বোমা ছুড়ে। পুলিশ ঘটনাস্থলে গেলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার মেথরখোলা এলাকাতে শিবিরের লোকজন মিছিল বের করে। এ সময় সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়।





