কিংবদন্তিসম ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ড জুডাস প্রিস্টের নতুন অ্যালবাম মুক্তি পাবে ২০১৪ সালে। নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এ সংবাদ জানিয়েছে ব্যান্ডটি।
নতুন অ্যালবাম দিয়ে অবসান ঘটবে প্রিস্ট ভক্তদের টানা ৬ বছরের অপেক্ষার। প্রিস্টের সর্বশেষ অ্যালবাম ‘নস্ট্রাডামুস’ বাজারে এসেছিল ২০০৮ সালে।
লাউডওয়্যার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে,নিজস্ব ওয়েবসাইটে ভক্তদের বড়দিন আর নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছিল প্রিস্ট।
২০১৪ সালেই ব্যান্ডটির ১৭তম অডিও অ্যালবাম বাজারে আসবে এই ঘোষণাটিও এসেছে ওই শুভেচ্ছা বার্তার সঙ্গেই।
গিটারিস্ট রিচি ফকনারের সঙ্গে এটিই হবে জুডাস প্রিস্টের প্রথম অ্যালবাম। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য কে. কে. ডাউনিং ২০১১ সালের অবসরে যাওয়ার পর ব্যান্ডে যোগ দেন ফকনার।
নতুন অ্যালবাম নিয়ে ব্যান্ডের ভোকাল রব হালফোর্ড বলেন,নতুন অ্যালবাম প্রিস্টভক্তদের রোমাঞ্চিত করবে। প্রিস্ট ভক্তদের পছন্দের সবকিছুই থাকবে অ্যালবামটিতে।