কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতাবস্থাকে।
শুক্রবার লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা নির্বাচনে সব দলের অংশগ্রহণকে দলগুলোর সঠিক রাজনৈতিক মনোভাবের প্রমাণ বলেও মনে করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী তার দু’দিনের সফরে কমনওয়েলথ মহাসচিবকে দেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন সম্পর্কে অবহিত করেন।
কমনওয়েলথ মহাসচিব এসব উন্নয়নকে স্বাগত জানান এবং সংবিধান ও গণতান্ত্রিক শৃঙ্খলা বহাল রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমনওয়েলথ কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা দেখতে চায় না বলেও উল্লেখ করেন কমনওয়েলথ মহাসচিব।
শর্মা সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অঙ্গীকারের ওপর জোর দেন।
এছাড়াও কমনওয়েলথ মহাসচিব চলতি বছরের শেষদিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাউজ অব লর্ডসের সরকারের হুইপ ও মুখপাত্র লর্ড তারিক আহমেদের সঙ্গে সাক্ষাত করেন।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনার মিজারুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]