[b]দিনাজপুর:[/b] সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্ববান জানান জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি বলেছেন,“প্রকটভাবে প্রকাশ পেয়েছে দুর্বৃত্তরা যে নৃশংসতা চালিয়েছে তাতে তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তাদের নিজের বাসভূমি-জন্মভূমিতে ন্যূনতম সম্মান এবং বাঁচার মতো অবস্থা এখন তাদের নেই।”
শনিবার দিনাজপুরের কর্ণাই গ্রামে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন পরিস্থিতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলতানা কামাল। রুখে দাঁড়াও বাংলাদেশের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার কর্ণাই গ্রাম পরিদর্শন করেন।
এ সময় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা সরেজমিনে গিয়ে অনুভব করতে পারছি। তারা প্রাণ ভিক্ষা চায় না নিরাপত্তা চায় এবং এখনো তারা মনে করেন পুলিশ চলে গেলেই তাদের বিপদ হবে।”
সাংবাদিক আবেদ খান বলেন, “যাদের ওপর হামলা হয়েছে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু বিপুলসংখ্যক হওয়ায় তারা আর পেরে ওঠেনি।” প্রতিরোধ করার যে শক্তি-সাহস লাগে এর জন্য রুখে দাড়াও তাদেরকে সমর্থন জোগাতে চাই বলেও জানান তিনি।





