চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। মোবাইল ছিনতাইয়ে বাধা দেয়ায় মো. ইমন নামের ওই শিক্ষার্থীকে গুলি করা হয়। একই ঘটনায় সাদ্দাম হোসেন নামের আরেক জনকে কুপিয়ে আহত করা হয়েছে। রোববার রাত নয়টার দিকে নগরীর কোতোয়ালী থানার দেওয়ান বাজার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, রোববার সন্ধ্যায় দেওয়ান বাজার দিদার মার্কেট এলাকায় এক পথচারীর কাছে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন ও তার বন্ধু সাদ্দাম হোসেন এতে বাধা দেয়। ছিনতাই করতে না পেরে চলে যায় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে এসে ইমনকে গুলি করে এবং সাদ্দাম হোসেনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইমনের পেটে গুলি লেগেছে। সাদ্দামের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।'
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই