বিদ্যালয় পরিদর্শন করতে এসে এ কি কাণ্ড ঘটাল শিক্ষা কর্মকর্তা। রাজশাহী নগরীর একটি বিদ্যালয় পরিদর্শনে এসে প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে।
নগরীর রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা।
এ ঘটনা জানাজানির পর রোববার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে লজ্জায় বিদ্যালয় আসা বন্ধ করে দিয়েছেন ওই প্রধান শিক্ষিকা।
স্কুলের সহকারী শিক্ষকরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে স্কুলের একটি গাছ উপড়ে যায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা মোবাইল ফোনে বোয়ালিয়া থানা সহকারী শিক্ষা অফিসার আফজাল হোসেনের কাছে পরামর্শ চান। এ সময় আফজাল হোসেন জানান, মোবাইলে নয়, স্কুলে এসে সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। তিনি শনিবার দুপুরে স্কুলে উপস্থিত থাকার জন্যও শিক্ষিকাকে নির্দেশ দেন।
কথামত শনিবার দুপুরে স্কুলে উপস্থিত হন সহকারী শিক্ষা কর্মকর্তা। পরে উপড়ে যাওয়া গাছ দেখতে শিক্ষিকাকে নিয়ে স্কুলের তিনতলা ছাদে ওঠেন তিনি। সেখানে একা পেয়ে প্রধান শিক্ষিকাকে জড়িয়ে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালান। এ সময় ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করে নিচে নেমে আসেন প্রধান শিক্ষিকা।
বিষয়টি পরে জানাজানি হলে শিক্ষা কর্মকর্তা সটকে পড়েন। ঘটনার পর থেকে প্রধান শিক্ষিকা স্কুলে আসা বন্ধ করে দেন। তার পক্ষে সহকারী শিক্ষকরা রোববার এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
যোগাযোগ করা হলে অভিযুক্ত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।
বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখি চক্রবর্তি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই