হ্যারি পটারের কাহিনি নিয়ে আটটি সিনেমা তৈরি হওয়ার পর এবার মঞ্চে দেখা যাবে কিশোর জাদুকরকে। লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চায়িত হবে ওই নাটক।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী,থিয়েটারের দুই প্রযোজক সোনিয়া ফ্রিডম্যান এবং কলিন ক্যালেন্ডারের সঙ্গে মিলে নাটকটি প্রযোজনা করবেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং।
তবে এখানে দেখানো হবে এতিম হ্যারির ছোটবেলার কাহিনি,যা এখনও ভক্তদের জানানো হয়নি।
সম্প্রতি রাওলিং বলেন,ফ্রিডম্যান এবং ক্যালেন্ডারের প্রস্তাব আমার ভালো লেগেছে। আমি যেরকম ভাবে হ্যারিকে মঞ্চে তুলে ধরতে চেয়েছিলাম তাদের সঙ্গে মিলে তা করা সম্ভব।
তিনি আরও বলেন,প্রায় এক বছর নানা প্রস্তুতি নেওয়ার পর,অবশেষে পদক্ষেপটি বাস্তবায়িত হচ্ছে দেখে আমি খুব আনন্দিত।
লন্ডনের মঞ্চে নাটকটি দেখা যাবে ২০১৫ সালের দিকে। তবে নাটকটির মুখ্য চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন,তা জানা যায়নি এখনও। সূত্র: ডেইলি মেইল।