ময়মনসিংহ জেলার ভালুকায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ ২ জেএমবি সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জিতু ও আলামিন।
বৃহস্পতিবার আটকের পর রাতেই তাদের ঢাকায় নিয়ে আসে পুলিশ।
ত্রিশালে এক পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৩ জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আটককৃত জঙ্গিরা জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভালুকা উপজেলার মুন্সীরভিটা নামক এলাকার একটি বাসায় যৌথ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানে ওই বাসা থেকে একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, গান পাউডার, সুইচ বোর্ড, কাটার, বৈদ্যুতিক ও বোমা তৈরির ব্যাটারি উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ত্রিশাল থেকে ৩ জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলও উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে রাতেই ঢাকায় নিয়ে আসা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিব হাসান ও বোমারু মিজানকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে আনার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ছিনিয়ে নিয়ে নেয়।
[b]ঢাকা, জিই ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]