রাজধানীর রমনা থানা সেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা হত্যা মামলার অন্যতম আসামি মতিউর রহমান রিপন থানা হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার বিকাল সোয়া ৪টায় রমনা থানা হাজতে রিপন গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরে রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি দৃর্বৃত্তদের হাতে রানা নিহত হওয়ার ঘটনায় পরের দিন রাত ১১টায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মতিউর রহমান (রুলেন)।
এ মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, রানা হত্যার ঘটনায় তথ্য উদঘাটনের জন্য গ্রেপ্তার হওয়া মতিউরকে গত মঙ্গলবার ৩ দিনের রিমান্ড শুরু হয়। গত বুধবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন। রিমান্ডে পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জড়িত থাকাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন।
এ ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতেও রাজি হন রিপন। আগামীকাল বৃহস্পতিবার তার রিমান্ড শেষ হওয়ার কথা ছিল। রিপন আত্মহত্যার জন্য থানার বাথরুম থেকে ব্লেড সংগ্রহ করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই কামরুল ইসলাম।
গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজার মোড়ে মসজিদ গলিতে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন রমনা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা।
[b]ঢাকা, জে ইউ, ২৯ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//কেএইচ[/b]