[b]ঢাকা: [/b]যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে নতুন কোন মামলায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দুই জনের পক্ষে দুটি পৃথক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
রোববার আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে তার স্ত্রী নাসরিন আউয়াল মিন্টু ও মাহবুব উদ্দিনের পক্ষে তার স্ত্রী আখতারুন্নেসা এ আবেদন করেন।
গত ৮ নভেম্বর মতিঝিল থানার এক মামলায় বিশিষ্ট ব্যাবসায়ী ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। পরে হেফাজতের ঘটনার মামলাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
অপরদিকে রাজধানীর বাংলামোটরে গাড়ি পোড়ানোর মামলায় গত ২৬ ডিসেম্বর মাহবুব উদ্দিন খোকনকে মৎসভবন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তার জামিন ও রিমান্ড না মঞ্জুর করে নিম্ন আদালত।