[justify]পুলিশের সহযোগিতায় রাজধানীর উত্তরখানে মুক্তিযোদ্ধার ও মরহুম সাংবাদিক তোফায়েল আহমেদের অসহায় পরিবারকে বাড়ি ঘর ও জমি থেকে উচ্ছেদের মহড়া দিচ্ছে স্থানীয় ভূমিজালিয়াত চক্র। প্রতিনিয়ত মোবাইলে ওই পরিবারের সদস্যদের অপহরণ করে হত্যার হুমকির ফলে আতঙ্কিত ওই পরিবারের সদস্যরা।
তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এবং পুলিশের আইজিপির আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে ক্রাইম রিপোর্টাস বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই আবেদন জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম সাংবাদিক তোফায়েল আহমেদের  বিধবা স্ত্রী  রোকেয়া বেগমের আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাছিত সরদার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন  রোকেয়ার ভাই মো. সোহেল এবং  মো.কাজল।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ  আনেন, উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস এবং ওসি তদন্ত ওবায়েদ সরাসরি ওই এলাকার  চিহ্নিত ভূমি সন্ত্রাসী হুমায়ুন কবির মামুনের পক্ষে কাজ করেন। যার ফলে  সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীরা থানায় মিথ্যে মামলায় জড়িয়ে এবং পুলিশ দিয়ে ওই পরিবারের সদস্যদের নিচিহ্ন করারও হুমকি দিচ্ছে।
তারা বলেন, রোকেয়া বেগমের প্রায় আড়াই বিঘা জমির উপর বাগান বাড়িটি  জবর দখলের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। ইতিপূর্বে এই জমির মালিকানা নিয়ে উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিতে এলাকায় শালিস বসে। কিন্তু ভূমিজালিয়াত মামুন কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। ওই জমির সর্বশেষ  মাঠ জরীপ, মাঠ পর্চা,নামজারি এবং খাজনাপত্র সব রোকেয়া বেগমের নামে রয়েছে।
তারা আরো অভিযোগ করেন,আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও উত্তরখান থানার পুলিশ ওই ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছে না।
[b]ঢাকা,একে, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b][/justify]