মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে হাজার হাজার নারী-পুরুষ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেতৈতলা এলাকায় মহাসড়কে অবরোধ সৃষ্টি করে তারা।
এতে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ও ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অবরোধকারীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ ও তার সমর্থক খুনীদের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ফরিদউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী দুই  চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা ও আমিরুল ইসলামের সমর্থকের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন নিহত হন।
[b]মুন্সীগঞ্জ, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম )// এসএইচ[/b]