[b]গাইবান্ধা:[/b] গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মেছনিরজান ব্রিজ এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন সোমবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা অর্ধশতাধিক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রোববার সকালে ওই এলাকার সড়কের পাশের গাছ কেটে রাখে ১৮ দলের নেতাকর্মীরা। এ নিয়ে সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে জামায়াত-বিএনপির বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে যৌথবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান বলেন,বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ,র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।