একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় পুরস্কার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।প্রতিবছর দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের জন্য এই পদক প্রদান করে সরকার।
চলতি বছরে কারা পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মানের এই স্বীকৃতি সেই তালিকা আগামী সোমবারের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি আরোও জানান,বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাধারণত ১৫ জনকে একুশে পদক দেওয়া হয়। এবার আমরা দ্বিগুণের মতো প্রস্তাব দিয়েছি।
এ বিষয়ে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, একুশে পদকের তালিকা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকা ঘোষণা করা হলে ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালের একুশে পদক তুলে দেবেন।
একুশে পদকের জন্য নির্বাচিত প্রত্যেককে এককালীন এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]