দুবাই প্রবাসী মনিরুজ্জামান লিটনকে অপহরণের পর হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান ও শাশুড়ি মিনারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বুধবার দুপুর ২টায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
মনিরুজ্জামান লিটন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের আ. জব্বার সিকদারের ছেলে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল জামান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী নিহতের ছোট ভাই ফাইজুল সিকদার অভিযোগ করেন,তার বড় ভাই লিটনের সঙ্গে একই উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে শারমিন জাহানের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর লিটন দুবাই চলে যায়।
এ সুযোগে লিটনের স্ত্রীর সঙ্গে তার খালাতো ভাই বরিশাল নগরীর আলেকান্দা এলাকার উজ্জ্বল ফকিরের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। প্রবাসী লিটন দীর্ঘ ৯ বছর পর সম্প্রতি দেশে ফিরে আসেন। এ সময় শারমিন তার প্রেমিককে দিয়ে স্বামী লিটনকে অপহরণের পর হত্যা করে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই ফাইজুল সিকদার বাদী হয়ে ৪ জনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শারমিন জাহান ও শাশুড়ি মিনারা বেগমকে গ্রেফতার করে।
গত ৩ মে দুপুরে কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকায় পেট কাটা অজ্ঞাতপরিচয় এক যুবকের বিকৃত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা মৃতদেহটি লিটনের বলে শনাক্ত করেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]