[b]ঢাকা[/b]: পৌষের শেষ। দরোজায় কড়া নাড়ছে মাঘ। মাঘের শীতে বাঘে খায় বলে প্রবাদ প্রচলিত আছে আবহমান বাংলায়। এ প্রবাদ সত্যি করতেই কি না কে জানে মাঘ মাস শুরুর তিন-চার দিন আগে রাজধানীসহ সারা দেশে তীব্র শীতের আভাস পাওয়া যাচ্ছে। প্রকৃতিতে যেন সেই পূর্বাভাসেরই প্রতিধ্বণি। বিকেলের হিসেব কষলে রাজধানীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রিরও নিচে নেমে এসেছিলো বুধবার বিকেলে। এ মৌসুমে বিকেলে রাজধানীতে এই প্রথম ১৯ ডিগ্রিতে বাঁধা পড়লো সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে,তাপমাত্রা কমার এ ধারাবাহিকতায় বজায় থাকবে।
রাজধানীতে বুধবার মধ্যরাত নাগাদ ১০ ডিগ্রি বা তারও নিচে নেমে যাবে তাপমাত্রা। সঙ্গে বইবে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার তাপমাত্রা ওঠানামা করবে ১০ থেকে ২৩ ডিগ্রির মধ্যে। শুক্রবারের তাপমাত্রা দু’এক ডিগ্রি হেরফের হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়ার এই প্রবণতা থাকবে আগাম সপ্তাহ জুড়েই।
বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে,দেশের ডজন খানেক জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা গেছে বুধবার। সবচেয়ে কম ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। এবার রাজধানী ঢাকার তাপমাত্রাও নামতে শুরু করবে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর,রাজশাহী,ঢাকা ও সিলেট বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
রাজশাহী,পাবনা,টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ এবং রংপুর বিভাগসহ ময়মনসিংহ,ফরিদপুর,মাদারীপুর,সিলেট,বরিশাল ও যশোর অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্য প্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে।