[b]প্যারিস:[/b] ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ তার 'ব্যক্তিগত' জীবন নিয়ে গণমাধ্যমকে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে এক গ্ল্যামার অভিনেত্রীর প্রেমের সম্পর্ক থাকার গুজব ফাঁস হওয়ার পর তিনি মঙ্গলবার এ কথা জানান। বুধবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রসঙ্গত, গত সপ্তাহে ফরাসি একটি ম্যাগাজিন তথ্য ফাঁস করে যে, প্রেসিডেন্ট ওঁলাদের সঙ্গে এক অভিনেত্রীর গোপন প্রেম রয়েছে। ৫৯ বছর বয়সী প্রেসিডেন্টের কথিত এই প্রেমিকা তার থেকে ১৮ বছরের ছোট। স্বামীর প্রেমের খবর ফাঁস হলে স্ত্রী ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েরভেলার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
তবে, প্রেসিডেন্ট ওঁলাদ তার প্রেমের খবরের সত্যতা খন্ডন না করে বরং তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করায় ম্যাগাজিনটির প্রতি ক্ষেপেছেন। তিনি এর বিরুদ্ধে অভিযোগ করারও হুমকি দেন।
এদিকে, ওঁলাদ জানান, তিনি ও তার স্ত্রী ভ্যালেরি একটি বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি পরে এক সময় তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তারিত জানাবেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট ওঁলাদ। সম্মেলনে চলতি বছরে তার পরিকল্পনা আর প্রেমের সম্পর্কই ছিল মূল আলোচ্য বিষয়। তবে, সাংবাদিকদের আগ্রহের এক পর্যায়ে তিনি জানান, আগামী মাসে আমেরিকা সফরে যাওয়ার আগে তিনি স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি গণমাধ্যমকে পরিষ্কার করে যাবেন। এখন তিনি ও তার স্ত্রী একটি বেদনাদায়ক অবস্থার মধ্যে আছেন বলেও জানান। সূত্র: আল জাজিরা
টাইম নিউজ/এসএমএ