সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
আজ  মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ফরেস্ট অফিস সংলগ্ন চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম টাইম নিউজকে জানান, ফজরের নামাজ শেষে স্থানীয়রা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নিহত যুবকের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি রয়েছে। তার বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন এবং মাথা থেতলানো রয়েছে বলে টাইম নিউজকে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই ) এনামুল হক। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখে যায়।
এসআই আরো জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]সাতক্ষীরা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]