প্রসঙ্গটা একটু তিতকুটে অস্ট্রেলিয়ার জন্য। এক দিনের ক্রিকেটের সফলতম দল তারা। পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এলেই চুপসে যেতে হয় তাদের। ২০১০ বিশ্বকাপ ছাড়া কখনো ফাইনালে ওঠা হয়নি তাদের। সে দুঃখ দূর করার একটা সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া.jpg

আজ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি তারা। প্রতিপক্ষ তাসমান প্রতিবেশী বলেই অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি দেখা হচ্ছে।

বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে যে পেরে ওঠে না নিউজিল্যান্ড। এরই মধ্যে অস্ট্রেলিয়াকে একটা সুখবর দিচ্ছে ভারত। ভারতের কারণেই নাকি অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতবে আজ।

এক সময় ক্রিকেট বিশ্বের রহস্য হয়ে উঠেছিল চ্যাম্পিয়নস ট্রফি। একদিকে ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া, ওদিকে একই ফরম্যাটের অন্য টুর্নামেন্টে কোনোভাবেই সাফল্য পাচ্ছিল না অস্ট্রেলিয়া।

তবে সে টুর্নামেন্টেও এখন সফলতম দল তারা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের রহস্য এখনো কাটিয়ে ওঠা হচ্ছে না তাদের। তবে এবারের বিশ্বকাপ হয়তো সমাধান মিলছে তাদের। এবং তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভারত।

অজিঙ্কা ধামধেরে নামক এক টুইটার ব্যবহারকারী চমৎকার একটি পরিসংখ্যান খুঁজে বের করেছেন। আর তাতে শোরগোল পড়ে গেছে টুইটারে।

খুব ছোট একটা বার্তা দিয়েছেন ধামধেরে, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বের আগে ভারতের সঙ্গে খেলেছে এমন দল কখনো বিশ্বকাপ জেতেনি।’

২০০৭ বিশ্বকাপ দিয়েই শুরু করা যাক। সেবার তো বিশ্বকাপ জিতেছিল ভারত দলই। ফলে বিশ্বকাপে ভারতের সঙ্গে গ্রুপ পর্বে যারা মুখোমুখি হয়েছে, তাদের কারও বিশ্বকাপ জেতার প্রসঙ্গটাও তাই ওঠে না।

২০০৯ বিশ্বকাপটা ভারতের খুব বাজে কেটেছিল। প্রথম পর্বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে সহজে হারালেও পরের পর্বে ধাক্কা খেতে হয়েছিল আগের বারের শিরোপাজয়ীদের।

সেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। মজার ব্যাপার, এই গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়া কোনো দল বিশ্বকাপ তো জেতেইনি, ফাইনালেই উঠতে পারেনি।

২০১০ বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু হয়েছিল আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে। এরপর প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব মিলে তাদের দেখা হয়েছিল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, উইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে।

সেবার বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ফাইনালে তাদের কাছে হেরেছিল গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলা অস্ট্রেলিয়া।

২০১২ বিশ্বকাপও ২০০৯ বিশ্বকাপের সূত্র মেনেছে। আফগানিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে প্রথম পর্ব খেলা ভারত দ্বিতীয় পর্বে পেয়েছিল অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে।

এই গ্রুপ থেকে সেমিফাইনালে গিয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ভারতের সঙ্গে একই গ্রুপে খেলা এই দুই দলই বাদ পড়েছিল সেমিফাইনাল থেকে। বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

২০১৪ বিশ্বকাপে সুপার টেনে ভারতের গ্রুপে ছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এবার ভারত নিজেই ফাইনালে উঠেছিল।

কিন্তু ফাইনালে তাদের শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে। ওই যে ভারতের সঙ্গে যে নকআউটের আগে দেখা হয়নি তাদের!

২০১৬ বিশ্বকাপেও একই ঘটনা। নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে সুপার টেন খেলা ভারত ঘরের মাঠে সেমিফাইনালে উঠে গিয়েছিল।

কিন্তু সেমিফাইনালে হেরে যায় স্বাগতিকেরা। ফাইনাল খেলেছিল অন্য গ্রুপের দুই দল, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বিজয়ী সেমিফাইনালে ভারতকে হারানো ওয়েস্ট ইন্ডিজ দল।

অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে একই গ্রুপে থেকে ভারত ছাড়া এখনো অন্য কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি।

nz-aus-dinbodolbd-2111131446.jpg

ছোট এই টুইটই এখন অলক্ষুনে ঠেকতে পারে নিউজিল্যান্ডের কাছে। কারণ, সুপার টুয়েলভের গ্রুপ পর্বে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

সে জয় তাদের সেমিফাইনালে তুলে আনলেও এখন গ্রুপ পর্বে ভারতের সঙ্গে দেখা হওয়াটাই তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

এইচএন