সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশাসন ও শিক্ষা ক্যাডারের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে কর্মকর্তাদের মূল্যায়ন ও পদায়নের ক্ষেত্রে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা চার থেকে পাঁচ মাস প্রশিক্ষণ নিয়ে কর্মস্থলে যোগ দেন। অথচ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য একই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ ঘাটতির দায় শিক্ষা মন্ত্রণালয়ের।

তিনি বলেন, বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়ার পর কর্মকর্তারা প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীতেও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য কোনো ওরিয়েন্টেশন কর্মসূচি না থাকায় তাঁরা সরাসরি শিক্ষকতায় যোগ দেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবমূল্যায়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, অনেক সময় তাঁদের ছোট করে দেখা হয়। অথচ তাঁরাও বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান এবং অন্য ক্যাডারের কর্মকর্তাদের মতো একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় আসেন।

উচ্চশিক্ষার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষা নিয়ে বেশি আলোচনা হলেও ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মান নিয়ে তেমন আলোচনা হয় না। শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করে শিখবে—এমন ধারণার ওপর নির্ভর না করে উচ্চশিক্ষার মান কতটা নিশ্চিত হচ্ছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কেও ধারণা নিতে হবে।

শিক্ষা খাতে সরকারের বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।

শিক্ষকদের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক অধ্যাপক প্রিম রিজভী। সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

এস