আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।

আজ (সোমবার) সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, এরপর তারা ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে।

সারা বিশ্বে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, ‘বিএনপির কথা হইলো যে তাঁদেরকে ক্ষমতায় আমরা বসিয়ে দেব। তারা যা চায় তাই আমরা করব। আমরা আর কোনো দল না। এই কান্নাকাটি, মায়াকান্না করে কোনো লাভ হবে না।

ইলেকশন হবেই। ইলেকশন ঠেকাবার ক্ষমতা বাংলাদেশে কারো নাই। ১৪ সালেও পারে নাই, ১৩ সালেও আন্দোলন করে ব্যর্থ হয়েছে। একটি রাজনৈতিক দল আন্দোলনের কথা বলে কিন্তু সব সময় ব্যর্থ হয়। এবারও ব্যর্থ হবে।

নির্ধারিত সময়ে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দলের সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।

এএস