‘মুজাহিদের পরামর্শেই আলবদর গঠন, নথি মিলল রাজশাহীতে’ শিরোনামে সময়নিউজ ডট টিভি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ডিফেন্স টিমের সদস্য ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বের) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “১৫ ডিসেম্বর সময়নিউজ ডট টিভিতে ‘মুজাহিদের পরামর্শেই আলবদর গঠন, নথি মিলল রাজশাহীতে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ১৯৭১ সালে আলবদর গঠন করার প্রক্রিয়ার সাথে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জড়িত থাকার যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
বিবৃতিতে আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, “সরকার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ছয়টি অভিযোগে বিচারের আয়োজন করেন। বিচার চলাকালে তার আইনজীবীর এক প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেছিলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে ফরিদপুর জেলাধীন কোনো থানায় বা বাংলাদেশের অন্য কোনো থানায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত কোনো অপরাধের জন্য কোনো মামলা হয়েছে, এমনটা আমি আমার তদন্তে পাইনি। (পৃষ্ঠা: ১২৭: প্রসিকিউশন সাক্ষী নং ১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান)।”
“অপর এক প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেছিলেন, আমার তদন্তকালে রাজাকার, আল বদর, আশ শামস বা শান্তি কমিটির কোনো তালিকায় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নাম ছিল মর্মে কিছু পাইনি। (পৃষ্ঠা: ১৩৩: প্রসিকিউশন সাক্ষী নং ১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান)।”
তিনি আরও বলেন, “তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সমস্ত দলল-দস্তাবেজ পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের সামনে সাক্ষ্য প্রদানকালে এসব কথা বলেছিলেন। আলী আহসান মুজাহিদের বিচারের চার বছর পর রাজশাহীতে আলবদর বাহিনী গঠনের প্রক্রিয়ার সাথে তাকে জড়িয়ে যেসব কল্প-কাহিনী তৈরি করা হয়েছে, তা যে কত বড় অসত্য কথা এখান থেকে তা স্পষ্ট বুঝা যায়।”
আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, “নাম-স্বাক্ষরবিহীন কাল্পনিক কাগজপত্র তৈরী করে তাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ এবং আলোচনা-পর্যালোচনা রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু নয়। আমরা এ সকল কাল্পনিক, অসত্য তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। “প্রেস বিজ্ঞপ্তি
এমবি





