বিশ্বের ১৭৭টি সংগঠন সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে অর্থায়ন না করার জন্য ভারতের এক্সিম ব্যাংককে অনুরোধ জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি, ভারতের এক্সিম ব্যাংকের সাথে সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঋণচুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকতে এবং এই প্রকল্পের যাবতীয় তৎপরতা অবিলম্বে স্থগিত ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যেখানে ইতোমধ্যেই বিশ্বের ১৭৭টি সংগঠন এই প্রকল্পে অর্থায়ন না করার জন্য এক্সিম ব্যাংককে অনুরোধ জানিয়েছে। অতএব আমাদেরকে এই প্রকল্প থেকে সরে আসতে হবে।
একই সাথে বিবৃতিতে তিনি স্বাধীন সমীক্ষা কমিশন গঠন করে প্রকল্পের নেতিবাচক যাবতীয় বিষয় পর্যালোচনা করে তা দেশবাসীর কাছে প্রকাশ করারও দাবি জানান।
তিনি স্বাধীন সমীক্ষা কমিশনের রিপোর্ট পেশ না করা পর্যন্ত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সমস্ত কাজ বন্ধ রাখার আহ্বান জানান।
তিনি বলেন দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ-উৎকন্ঠা, সমালোচনা ও বিরোধীতাকে উপেক্ষা করে জেদ আর অহমিকা নিয়ে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে সুন্দরবন এবং দেশের দক্ষিণাঞ্চলের এক বিরাট অংশের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য বিপন্নকারী এই প্রকল্প এগিয়ে নেবার কোন অবকাশ নেই।
তিনি বলেন, নিশ্চয় আমাদের বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু ১৩২০ মেগাওয়াট বিদ্যুতের জন্য কোনভাবেই আমরা সুন্দরবনকে বিনষ্ট হতে দিতে পারি না। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার এই ধরনের আত্মঘাতি প্রকল্প নিতে পারে না।
তিনি বলেন, শ্রীলংকা যদি ভারতীয় এনপিটিসি কোম্পানীর এই ধরনের পরিবেশ বিপর্যয়কারী বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে পারে তাহলে বাংলাদেশ পারবে না কেন?
তিনি সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অনতিবিলম্বে জনআকাংখার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তা না হলে এই প্রকল্পে ছুড়ে ফেলা ছাড়া দেশবাসীর কোন বিকল্প থাকবে না।
এসএম





