আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিতে ভাঙন শুরু হয়ে হয়েছে। এই ভাঙনে বিএনপি ভেঙে খান খান হয়ে যাবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের সঙ্গে যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন। আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে সভার আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা লন্ডনে বসে ষড়যন্ত্র করে সরকার পতন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার যে নীল নকশার ষড়যন্ত্র করছেন। এটা সফল করতে পারবেন না।’
তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন,‘ আপনার ষড়যন্ত্র যত গভীর হবে, আপনার দল তত ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আপনার দলের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। এই ভাঙনে বিএনপি খান খান হয়ে যাবে। আপনি সেই অপেক্ষায় থাকুন।’
এমএইচ





