বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি দেখা করতে যান। সোয়া এক ঘণ্টা দুই নেতার মধ্যে কথোপকথন হয়।
রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত চলা এই বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মহাসচিব। পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মির্জা ফখরুলকে ডেকেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব বলেন, 'ম্যাডামের শরীর ভালো না, অসুস্থ। পায়ের ব্যথা আরও বেড়েছে। যে চিকিৎসা নিচ্ছেন, সেভাবেই উনি আছেন। বর্তমান যে পরিবেশ, তাতে বেটার ট্রিটমেন্টের সুযোগ নেই। এখন তো হাসপাতালে নেয়া সম্ভব নয়। বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আছে।
কারামুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিবের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এর মধ্যে দুই দফায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে দেখা করেছিলেন তিনি।
গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এ প্রধানমন্ত্রী। এর পর কিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন।
এএস





