বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলেছেন, সমাবেশ করতে না দেয়া পর্যন্ত সারাদেশে লাগাতার অবরোধ কর্চসূচি চলবে।
তিনি বলেন, দেশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দেশে কোন স্বাভাবিক পরিবেশ নেই।
আজ (সোমবার) বেলা সাড়ে ৪টার দিকে বেগম জিয়া তার গুলশানের কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন।
বেগম জিয়া বলেন, এই সরকার মানুষের রক্ত ঝরাচ্ছে। রক্ত দিয়েই এই সরকারকে বিদায় করবে দেশের মানুষ।
তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভুলে যাবেন না আপনারা কাদের ওপর গুলি চালাচ্ছেন। যাদের ওপর গুলি করছেন তারা তো আপনাদেরই মা, ভাই, বোন। আপনারা চাকুরি করেন বলে এভাবে কথায় কথায় গুলি করা, মানুষকে ধরে নিয়ে যাওয়া-এসব করতে পারেন না। আপনাদের মা-বাব, ভাই, বোনরাই এটা পছন্দ করবে না।
তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা দরজা খুলে দিন। আমাদের পল্টনের অফিসে যেতে দিন। এটা তো কোন নিরাপত্তা নয়।
বেগম জিয়া বলেন, এখন দেশে যে অবস্থা চলছে তা চলতে দেয়া যায় না। ঘরে ঘরে মানুষকে খুন করা হচ্ছে, ব্যাপকভাবে মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কেন পিপার স্প্রে করছেন, আমি তো কথা বলছি, আমাকে কি কথা বলতে দিবেন না?
পুলিশকে উদ্দেশ্য করে বেগম জিয়া বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি কিন্তু বেশিদিন টিকবে না, এর পরিণতি কিন্তু ভালো হবে না।
বেগম জিয়া বলেন, পুলিশের সাথে তো আমাদের কোন বিরোধ নেই, কিন্তু আপনারা কেন আমাদের ওপর পিপার স্প্রে করছেন? কেন জলকামান নিয়ে এসেছেন?
সরকারকে উদ্দেশ্য করে বেগম জিয়া বলেন, আমাকে কি কারণে এখানে বন্দী করা হয়েছে? আমি সমাবেশ করতে চেয়েছিলাম। তারা সমাবেশ করলে করতো আমরা তো বাধা দিতাম না। তাহলে আমাদেরকে কেন বাধা দেয়া হচ্ছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, গুলি বন্ধ করুন। এটা কোন পুলিশি রাষ্ট্র নয়। কিন্তু সরকার দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
বেগম জিয়া বলেন, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেয় নাই।
'কাজেই এটা একটি অবৈধ সরকার। একটি অগণতান্ত্রিক সরকার। জনগণের মৌলিক অধিকার নেই, মানবাধিকার নেই, আইনের শাসন নেই, সুশাসন বলে কিছু নেই।'
তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আজ জনগণ নেই। তাই তারা বিএনপি নেতৃত্বাধীন জোটকে সমাবেশ করতে দেয়নি।
বেগম জিয়া তার সাথে বিশিষ্ট নাগরিকদের কেন দেখা করতে দেয়নি সরকারের প্রতি এমন প্রশ্ন তুলে বলেন, আজকে শুধু আমিই অবরুদ্ধ নই, পুরো দেশ অবরুদ্ধ।
তিনি বলেন, এই সরকার একটি জালেম সরকার, অগণতান্ত্রিক সরকার। এই সরকারের প্রতি জনগণের কোন সমর্থন নেই।
তিনি বলেন, সারা দেশে মানুষ স্বত:স্ফুর্তভাবে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। কিন্তু আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা অস্ত্র শস্ত্র হাতে পুলিশের সহায়তায় নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে।
নিরাপত্তার নামে তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে বেগম জিয়া বলেন, এটা কোন ধরনের নিরাপত্তা? নিরাপত্তা হলে তো তারা আমাকে নিরাপত্তা দিয়ে পল্টনে যেতে দিত। আমি তো পল্টনে যেতে চাই।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন হতে হবে। এটা শুধু আমাদের কথাই না, সারা বিশ্বই এটা চায়।
তিনি বলেন, বর্তমান যেই সরকার আছে সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। কাজেই একটি নির্বাচন জরুরী। কিন্তু সেই নির্বাচন দিতে তারা কেন ভয় পায় এমন প্রশ্নও রাখেন বেগম জিয়া।
কেবি





