উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছেন করোনাভাইরাসে আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
রোববার (৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার। তবে এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে।
নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে পাঠানো হলো।
গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করার পর, শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ ধরা পড়লেও কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এল এই প্রথম।
আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির আগে সংলাপ কমিটির একজন সদস্য ছিলেন তিনি।
এএস





