বিএনপি ও জামায়াতে ইসলামী একই বৃত্তে দুটি ফুল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তিনি আরোও বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দিয়ে পাকিস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন আর বাঙ্গালী জাতির সাথে করেছেন বেইমানী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, ''ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির যে কাউন্সিল হতে যাচ্ছে সেখানে নতুন নেতৃত্ব আসবে বলে আমরা আশা করছি। যে হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ কাউন্সিল তাকে নেতৃত্ব থেকে বিদায় দেবে।''
বিএনপির আবেদনে সাড়া দিয়ে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের কাউন্সিল করার অনুমতি দিলেও 'লোক সমাগম না হওয়ার ভয়ে' দলটি সেখানে কাউন্সিল করছে না বলে দাবি করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
''বিএনপির অভিযোগ সরকার তাদের কাউন্সিলের জন্য জায়গা দেয় না। ঢাকার সবচেয়ে বড় স্থান সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপির তা পছন্দ হয়নি। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম করার ক্ষমতা বিএনপির নেই। এ জন্যই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট,'' বলেন তিনি।
কাউন্সিলের দুই সপ্তাহ আগে দলের 'চেয়ারপারসন' ও 'জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান' পদে মনোনয়নপত্র বিতরণের সমালোচন করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ''সারা দেশের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরে দাঁড়াতে হবে- এই চিন্তায় তড়িঘড়ি করে তারা চোরা পথে নেতা নির্বাচনের পথ বেছে নিয়েছে।''
এসটি





