ফারাক্কাসহ বাংলাদেশের ৫৪টি নদীতে একতরফা বাঁধ দিয়ে ভারত বাংলাদেশকে ধু-ধু বালুচরে পরিণত করেছে, বলেছেন ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ স্মরণে আজ বিকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে জেলা জাগপা আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। রে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শফিউল আরো বলেন, আমরা ভারতের বন্ধুত্ব চাই-কিন্তু কি অপরাধ করেছিলাম আমরা? পাকিস্তান বুলেটে মেরেছে। ভারত আমাদের পানিতে মারছে। সীমান্তে প্রতিদিন ফেলানীরা লাশ হচ্ছে। ফেনসিডিল ও অপসংস্কৃতির আগ্রাসনে যুব ও ছাত্রদের ধ্বংস করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, জনগণের সাথে বন্ধুত্ব করো। হাসিনা সরকারই বাংলাদেশ নয়। নেপালের দিকে তাকাও। ক্ষুদ্ররাষ্ট্র নেপালও প্রতিরোধ গড়ে তুলেছে। পানি আগ্রাসনের ধ্বংসলীলা নিজ চোখে দেখার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান।
জনাব প্রধান বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা পুরুষ মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এক অসাধারণ দেশপ্রেমিক। ফারাক্কা লং মার্চে জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি দিল্লীর শাসকদের বুকে কাঁপন ধরিয়েছিলেন। ভাসানীর পথই হবে আমাদের পথ। পানি ছাড়া বাংলাদেশ বাঁচবে না। হাতেগোনা কিছু ভারতীয় দালাল ছাড়া তিনি দেশপ্রেমিক শক্তিকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
রাজশাহী জেলা জাগপার সভাপতি রাকিবুল ইসলাম মৃধা রিংকুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সহ সভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, প্রচার সম্পাদক আবু নাঈম, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ফয়সাল অরণ্য, রাজশাহী জেলা যুব জাগপার সভাপতি রায়হানুল ইসলাম তনি, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও গাইবান্ধা জেলা জাগপার সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাগপার আহ্বায়ক আবু সাইদ, মোস্তাফিজুর রহমান জিতু প্রমুখ।
এমআইএস





