ভারতের নির্বাচনের ফলাফল দেখে আওয়ামী লীগ নার্ভাস হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি আয়োজিত ‘ভারতের পানি আগ্রাসনের কবলে বাংলাদেশ : পরিত্রাণের উপায় ও আশু করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অনেকে বলছেন ভারতে বিজেপির জয়ে বিএনপি নাকি উল্লাস করেছে। এটা প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়। বিএনপি কোথায় উল্লাস করেছে?
তিনি বলেন, ভারতের নির্বাচনে সরকার ভয় পেয়েছেন। বিএনপি কোন কথা না বলা সত্বেও সরকারের মন্ত্রী বাহাদুররা ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে অনেক কিছু বলছেন।
তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এমনি কেউ আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে যাবে না। পানি আমাদের ন্যায্য হিস্যা। তার জন্য আমাদেরই উদ্যোগ নিতে হবে।  
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারত কর্তৃক শুধু পানি আগ্রাসন হচ্ছে না। আমাদের সংস্কৃতি, অর্থনীতি এমনকি রাজনীতিও আগ্রাসনের শিকার হচ্ছে।

আওয়ামী লীগ জনগণের ন্যায়সঙ্গত দাবি না মেনে দমন নীতি চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের কোন শক্তি নেই। কারণ তারা জনগন থেকে বিচ্ছিন্ন। এমন কি তারা নিজেদের মতে নয়, ভারতের মতে চলছে।
বৈঠকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে.জে.(অব.)সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, আগামী দিনের যুদ্ধ হবে তেলের জন্য নয়, পারমাণবিক অস্ত্রের জন্য নয়। যুদ্ধ হবে পানির জন্য। লবণাক্ত পানির জন্য নয়, মিষ্টি পানির জন্য।  
বাংলাদেশ মুসলিম লীগ চেয়ারম্যান এ.এইচ.এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব জুলফিকার হোসেন বুলবুল, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মুবিন, মহাসচিব এম এ রশিদ প্রধান, ন্যাপ’র মহাসচিব এম গোলাম মোস্তফা প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,১৮মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]