সম্প্রতি দুইজন বিদেশি নাগরিককে হত্যায় বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে দুঃখজনক এবং অনভিপ্রেত হিসেবে অভিহিত করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ সকালে গণভবনে সংবাদ সম্মেলনে দুই বিদেশি হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিষয়টি যখন তদন্তের পর্যায়ে এবং ঘটনার জন্য কারা দায়ী তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিশ্চিত নন, তখন শাসকদলের প্রধানের এই বক্তব্য দুঃখজনক। তার কাছ থেকে আরো দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি।’

এর আগে দুই বিদেশি হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা আছে-অভিযোগ করে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড পরিকল্পিত। এই হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপন বলেন, দুটি হত্যাকান্ডের পর আইএস ফেসবুকে এর দায় স্বীকার করেছে। কিন্তু বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে যেহেতু বারবার আইএসের নাম আসছে সুতরাং বিষয়টি খতিয়ে দেখা উচিত। কিন্তু বিষয়টি যখন তদন্তের পর্যায়ে, তখন প্রধানমন্ত্রীর এই বক্তব্য দু:খজনক, অনভিপ্রেত।

সম্প্রতি রাজধানীর গুলশানে একজন ইতালীয় নাগরিক এবং রংপুরে জাপানি একজন নাগরিককে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমনে তাদের নাগরিকদের সতর্ক করে।

বিএনপির মুখপাত্র বলেন, দু’জন বিদেশি নাগরিকের হত্যার ঘটনার বিএনপি আগেই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

রিপন অভিযোগ করেন, সাদা পোশাকে র‌্যাবের সদস্যরা রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক লাকু এবং চিটাগাং মেডিকেলের প্রাক্তন সভাপতি রাশেদুন্নবী বিপ্লবকে রংপুর থেকে গ্রেফতার করেছে। নিয়মানুযায়ী আটকের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান থাকলেও তা মানা হচ্ছে না।

সাদা পোশাকে পুলিশের গ্রেফতার করার বিধান থাকলেও র‌্যাবের সেই এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এটি একটি নতুন আতঙ্ক তৈরি করেছে। বাজে নজির, উদ্বেগজনক।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিপন। একই সঙ্গে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে হারুনুর রশিদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএইচ