পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

লেবুখালী ফেরিঘাট থেকে রবিবার রাত ১১টার দিকে দুমকি থানা পুলিশ তাদেরকে আটক করে।

মধ্যরাতে পটুয়াখালী গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) এক প্রেস ব্রিফিং-এ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো, ফয়েজ আহম্মেদ জানান, বরিশাল থেকে মাদকসহ মাদক পাচারকারী চক্র একটি প্রাইভেট কারে করে পটুয়াখালী হয়ে কুয়াকাটা প্রবেশ করবে- এমন খবর পেয়ে দুমকি থানা পুলিশ আগ থেকেই লেবুখালী ফেরিঘাটে অবস্থান করছিল।

রাত ১১টার দিকে ফেরিঘাটের উত্তর পাড়ে পৌঁছা মাত্রই সাদা রংয়ের একটি প্রাইভেট কার পুলিশ ঘেরাও করার পর তল্লাশি শুরু করে।

এক পর্যায় গাড়িতে থাকা কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসান পুলিশের কাছে নিজের পরিচয় দেন। পুলিশ এ সময় তার ব্যাগের মধ্য থেকে ৪৫ পিচ ইয়াবাসহ একটি মদের বোতল উদ্ধার করে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ওই গাড়িতে ড্রাইভারসহ রাজীবের গ্রামের বাড়ি বরিশালের মুলাদির সালাউদ্দিন, রফিকুল ইসলাম, জসীম উদ্দিন, সাইফুল ইসলাম নামে আরও চার জন ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটকদের লেবুখালী ফেরিঘাট থেকে সরাসরি পটুয়াখালী ডিবি অফিসে নিয়ে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে প্রেস ব্রিফিং শেষে রাতেই পুলিশ প্রহরায় পটুয়াখালী সদর থানা হেফাজতে নিয়ে রাখা হয়। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে মাদক আইনে দায়ের করা মামলায় তাদেরকে আদালতে চালান দেওয়া হবে।

প্রাইভেট কারটি জব্দ দেখানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রেস ব্রিফিংকালে রাজীবকে কোনো ধরণের প্রশ্ন করার অনুমতি সাংবাদিকদের দেয়নি পুলিশ।

এদিকে, সংগঠনটির সহ-সভাপতি নাজমুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার সেতু রবিবার রাতে জানান, রাজীব আহসান সকালে ঢাকা থেকে বাড়ি পৌঁছে মেহেন্দীগঞ্জে বাবার কবর জিয়ারত করেন।

ফেরার পথে পটুয়াখালির লেবুখালি ফেরিঘাট থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় এই দুই নেতা।

এসএইচ