ক্ষমতায় থাকার লোভেই গণতন্ত্রকে হত্যা করছে আওয়ামী লীগ। গণতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোবরার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় র্যালি উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক নানামুখি বাধা-নিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামার সুযোগ পেয়েছে বিএনপি।
মির্জা ফখরুল আরো বলেন, সুশাসন ফিরিয়ে আনতে বিএনপির প্রয়োজন আছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। বিএনপি নেতাকর্মীদের আন্দোলন বন্ধ করতে সরকার গ্রেফতার করছে।
গ্রেফতার হামলা-মামলা করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। বিএনপিকে ধ্বংস করার জন্য চক্রান্ত চালাচ্ছে সরকার। বিএনপি নেতাদের গ্রেফতারের পাশাপাশি খালেদা জিয়াকে সাজা দেয়ারও চেষ্টা করছে সরকার।
এদিকে র্যালিটি মালিবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছেন।
এর আগে বিজয় র্যালিতে অংশ নিতে দুপুর ১টা থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
রঙ বেরঙের পোশাক পড়ে মহিলাদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যালিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি পুরো এলাকা পর্যাপ্ত নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়।
এএস





