সদ্য নির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ২০০৮ সালে দুদক কর্তৃক দায়েরকৃত একটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ২০০৮ সালে দায়েরকৃত এই মামলায় এতদিন পরে অভিযোগপত্র জমা দেয়ার সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা জারি এবং মালামাল ক্রোকের নির্দেশে আমরা ক্ষুদ্ধ হয়েছি। সাক্কুর বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, আবারো প্রমাণিত হলো এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহামান্য হাইকোর্ট সাক্কুকে জামিন প্রদান করেছেন। তারপরও কিভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো তা বোধগম্য নয়। সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে মিথ্যা মামলায় বরখাস্ত করছে এবং নতুন করে মিথ্যা মামলা দিচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি সিলেট মহানগর, রাজশাহী মহানগর, খুলনা মহানগর ও গাজীপুর মহানগরগুলোর মেয়রদের মিথ্যা মামলায় বরখাস্ত করার মাধ্যমে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও পুনরায় মিথ্যা মামলা দিয়ে বরখাস্ত করা হয়েছিল। সাক্কুকে একইভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাক্কুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে তার দায়িত্ব গ্রহণের আইনগত অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।





