বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার ছাড়া নির্বাচনে কখনোই যাবে না।

তিনি বলেন, ’৭০ সালের নির্বাচনের আগে পরিবেশ সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতাদের জেল থেকে মুক্তি ও রাষ্ট্রদ্রোহসহ সব মামলা প্রত্যাহার করা হয়েছিল। আগামী নির্বাচনের আগেও বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সব বিরোধীদলীয় নেতার নামে থাকা রাষ্ট্রদ্রোহসহ সব মামলা প্রত্যাহার এবং কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অধ্যাপক আমিনুল ইসলাম, মাওলানা নেছার উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

শামসুজ্জামান দুদু বলেন, সরকারি দলের নেতারা বলছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদেরকে বলতে চায় বিএনপি তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার ছাড়া নির্বাচনে কখনোই যাবে না।

তিনি সরকার ও নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। নেতাকর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার করে মুক্তি দিন। না হলে কি পরিস্থিতি হয় তা আপনাদের জানা আছে। এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

এমই