শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সোমবার সাকালে রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।
এসময় আব্দুস সবুর ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের জনগণের যেকোনো দূর্যোগ সংকটে পাশে থেকে কাজ করে, যা সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রামসহ দেশজুড়ে বিগত ২০২২ সালের স্মরণকালের বন্যায় আমীরে জামায়াতের প্রশংসিত নানা কার্যক্রমে পরিলক্ষিত হয়েছে। বিগত চট্টগ্রামের সীতাকুন্ডে যে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছিল, সেখানে সর্বপ্রথমে আমীরে জামায়াতের নেতৃত্বে একটি টিম পরিদর্শনে ছুটে যায় এবং অসহায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সেবা সহযোগিতা প্রদান করে। অসুস্থ্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। সেই ধারাবাহিকতায় আজ দেশজুড়ে এই চরম শৈত্যপ্রবাহের মধ্যে কষ্টে থাকা সাধারণ জনগণের হাতে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছি।
আব্দুস সবুর ফকির আরও বলেন, আমাদের দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের খেটে খাওয়া মানুষ তীব্র শীতের দিনে মানবেতর জীবনযাপন করছেন। খবরের পাতায় প্রতিদিনই অত্র এলাকার আবহাওয়া ঠান্ডা মাত্রা আরও বেড়ে যাচ্ছে। ছোট্ট শিশুরা ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও দেশজুড়ে শীতের প্রকোপে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। সমাজের বিত্তবানদের তাদেরকে ভুলে গেলে চলবে না। সকলে তাদেরকে গরম কাপড় পোশাক, কম্বল ও নানা সাহায্য সহযোগিতা দিয়ে পাশে থাকার চেষ্টা করতে হবে। অনেক মানুুষ কর্মহীন হয়ে পড়েছে।
শীতার্ত মানুষের কল্যাণে সবার আগে সরকারের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দকে মুক্তির আহ্বান জানান জামায়াতের এই নেতা।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ মতিউর রহমান খানের সঞ্চালনায় কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল করিম, জামায়াত নেতা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি





