শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার অনুরোধ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। তাই ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।
আজ (রোববার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভা ও কর্মশালার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এমপি, এনামুল হক শামীম।
ওবায়দুল কাদের বলেন, বিগত ২৪ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। নিয়মিত নির্বাচন হলে এই সময়ের মধ্যে ৪৮ জন নেতা তৈরি হত। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সে পথ বন্ধ হয়ে গেছে। এ দরজাটা খুলে দেয়া উচিৎ।
তিনি বলেন, মাঝেমধ্যে ক্যাম্পাসগুলোতে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় সেটি এড়াতেও ছাত্র সংসদ নির্বাচন আবশ্যক। তখন একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হয়, অসুস্থ প্রতিযোগিতার পথ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া এই প্রোডাকশানটা গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ এবং ছাত্র নেতা থেকে জাতীয় নেতা সৃষ্টির জন্য চালু হওয়া উচিত।
মন্ত্রী বলেন, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র নেতাকেও আকর্ষণীয় হিসেবে তৈরি হতে হবে নিজের যোগ্যতা দিয়ে। যেন সাধারণ শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ ও রোল মডেল রূপে পৌঁছাতে পারে।
ছাত্র নেতাদের বক্তৃতায় ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বক্তৃতায় ছাত্র নেতাদের জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার আগে অবশ্যই ছাত্র সমস্যা ও শিক্ষা সমস্যা নিয়ে কথা বলতে হবে। তাহলেই সাধারণ ছাত্র- ছাত্রীদের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করানো যাবে।
এসএম





