দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে নিয়োজিত রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সরকার বিরোধী দলকে দমন করতে ভয়ঙ্কর জুলুম নির্যাতনের চক্র গড়ে তুলেছে।
বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, তার মিথ্যার বেসাতির আরব্য উপন্যাসের কাহিনী শুনতে শুনতে দেশের মানুষ আজ ক্লান্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বিষেদ না করলে প্রধানমন্ত্রীর রাতে ঘুম হয় না।  মিথ্যাচার ও অপপ্রচারের জন্য শেখ হাসিনা ডক্টরেট ডিগ্রি পেতে পারেন। এটিই তার জন্য যথার্থ বলে বিবেচিত।
রিজভী বলেন, দুইবারের গণতন্ত্র হত্যাকারীরা আজ এক হয়ে মুখে গণতন্ত্রের বুলি আওড়িয়ে বন্দুকের জোরে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চাচ্ছে। তাদের গণতন্ত্র হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের গুম আর খুনের গনতন্ত্র, র্যা ব পুলিশ দিয়ে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার গণতন্ত্র, সীমাহীন দুনীতি আর স্বজনপ্রীতির গণতন্ত্র।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ, সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান, প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, জাসাস সভাপতি এমএ মালেক প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //জেআই[/b]