ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড় এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনায় শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাতে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
আর এ দু’টি মামলায় আসামি করা হয়েছে মোট ৬৯ জনকে। এ মামলা দু’টি করেছেন নগরকান্দা থানার এস আই মো. হুমায়ন ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম।
পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।
অপরদিকে ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের দায়েরকৃত মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
এতেও প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।
ঘটনার পর এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে ৩ সদস্যর তদন্ত টিম গঠন করা হয়েছে। এ কমিটির অন্য ২ সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী ইশরাত জাহান।
তাদের অবিলম্বে রির্পোট প্রদান করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বেলা ৩ টার দিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সরকারি সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে পোষ্টার ও গেট ভাংচুরের ঘটনায় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ইটের আঘাতে গাড়ি বহরের সামনে থাকা সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর গাড়ীর কাঁচ ভেঙ্গে যায়। এসময় নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম আহত হয়েছেন।
এমবি





