সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মতবিনিময় শেষে আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান।

মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে বিরোধী দলকে একটি ছায়া মন্ত্রিসভা গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রস্তাবটির প্রশংসা করে জানান, ইতোমধ্যে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন এবং এর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের সব বিষয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা রয়েছে। তবে ছায়া মন্ত্রিসভা থাকলে নির্দিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরাই কথা বলবেন। এতে একদিকে সরকারের ওপর সার্বক্ষণিক গঠনমূলক চাপ সৃষ্টি হবে, অন্যদিকে বিরোধী দলের ভবিষ্যৎ সরকার পরিচালনার জন্যও এটি কার্যকর প্রশিক্ষণ হিসেবে কাজ করবে।

মাহমুদুর রহমান আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশে গণতন্ত্রের সূচনা হয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে।

সম্পাদকরা গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে না গিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

এস